প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনাটি তদন্তে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক সরকারের কাছে আগুনের কারণ অনুসন্ধানে ফরেনসিক সহায়তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, “আগুনের প্রকৃত কারণ নির্ধারণ এবং ফরেনসিক তদন্ত কীভাবে পরিচালনা করা যেতে পারে—সে বিষয়ে প্রস্তাব করা হয়েছে। আমরা চাই, তদন্ত যেন নিরপেক্ষ, পেশাদার ও আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হয়।”
তিনি আরও জানান, এর আগে একইদিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঘটনার তদন্তে দেশীয় সংস্থাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হবে, যাতে কোনো ধোঁয়াশা না থাকে।
উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স) ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা মিলে প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।