জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন।
এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি দেশের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।
এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। সফরসূচি অনুযায়ী, তিনি ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার ও অবস্থান স্পষ্ট করার জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।