সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের জনগণ কর দেওয়ার পরও সরকারি সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে তিনি এই তীব্র অসন্তোষের কথা তুলে ধরেন।
তিনি বলেন,
“বাইরের দেশে কর বেশি দিলেও নাগরিকরা সরকারের কাছ থেকে মানসম্মত সেবা পায়। কিন্তু আমাদের দেশে জনগণ কর দেয় অথচ সেবা পায় না। ফলে ক্ষোভ জমাট বাঁধে। এটা স্বাভাবিক।”
অর্থ উপদেষ্টা আরও বলেন,
“আমাদের দেশে অর্থায়নের ঘাটতি ভয়াবহ। অথচ সরকার নানা খাতে খরচ বাড়াতে চাইছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। ট্যাক্স ও নন-ট্যাক্স উভয় রাজস্ব কম। ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। ওরা কর দিয়ে সেবা পায়, আমরা কর দিয়ে ভোগান্তি পাই। তাই আমি সব সময় বলি—সেবা বাড়ান, তাহলে জনগণ কর দিতে উৎসাহী হবে।”
তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি ইঙ্গিত করে বলেন,
“সেবা না দিয়ে করদাতাদের বারবার হয়রানি করলে মানুষ কর দিতে আগ্রহ হারাবে। সেবা নিশ্চিত করা হলে করদাতারাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে।”
সেমিনারে তিনি পুঁজিবাজার শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, সুকুক বন্ডের প্রসার ঘটাতে হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের ঝুঁকিসচেতনতা বাড়ানো এখন জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের অধ্যাপক এম কবীর হাসান। এছাড়া বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।