আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারির মাধ্যমে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধান কার্যকর হচ্ছে তাতে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার বিকালে সিলেটে নতুন এই বিধান কার্যকর উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বিচার পাবে।এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। আইন উপদেষ্টা বলেন, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ নিস্পত্তি হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার দ্বারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।
আসিফ নজরুল বলেন, আমি প্রায়ই শুনি আপনি কি করেছেন? শহিদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। তাদের উদ্দেশে বলবো- আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নয় যে আমি যা করেছি তা দেখতে পারবেন। আমি কী করেছি তা আমার কাজের মাধ্যমে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান, সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, গিজ (এওত) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুরকার্ড প্রমুখ।
উল্লেখ্য আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে গত ১ জুলাই আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে- পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি। প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান আজ বৃহস্পতিবার থেকে দেশের ১২ জেলায় কার্যকর হবে।