আসন্ন দুর্গাপূজা গতবারের তুলনায় আরও বেশি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে তবুও ২৪ ঘণ্টা পূজামণ্ডপগুলো কঠোর নজরদারিতে থাকবে।” তিনি জানান, পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অঘটন ঘটতে না পারে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী বারবার সনাতন ধর্মাবলম্বীদের উসকানি দেয়ার চেষ্টা করছে। গুজব রটানো হয়েছে যে প্রায় পাঁচ লাখ হিন্দুধর্মালম্বী দেশ ছেড়ে চলে গেছেন এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানান, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে উৎসবের আমেজে শরিক হতে হবে।
অন্যদিকে, গুজব প্রতিরোধে মিডিয়াকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে। তিনি বলেন, “মিডিয়া যদি সতর্ক থাকে এবং সঠিক তথ্য প্রচার করে, তবে সমাজে উসকানি সৃষ্টিকারী শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে।”
প্রসঙ্গত, দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর সারা দেশে হাজার হাজার মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজায় সরকার অতীতের তুলনায় আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে পূজার্থীরা নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে পূজা পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।