প্রধান বিচারপতিও আদালত অবমাননার দায় থেকে মুক্ত নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মো. আসাদুজ্জামান বলেন, আইনজীবীরা আদালতের অন্যতম কর্মকর্তা। কোনো বিচারক যদি আইনজীবীদের অসম্মান করেন, তবে তা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তিনি বলেন, “লইয়ারদের বিরুদ্ধে কনটেম্পট হয়, তাহলে জাজদের বিরুদ্ধে কেন হবে না?
প্রধান বিচারপতি যেদিন দায়িত্ব নিলেন, আমি তাকে বলেছিলাম—আপনার বিচারকদের বলে দেবেন যেন কোনো লইয়ারের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়। মনে রাখবেন, আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।”
তিনি আরও বলেন, কোনো বিচারকের আচরণের কারণে যদি মানুষের মনে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তৈরি হয় বা আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়—তাহলে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী হতে পারেন। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অটুট রাখা বিচারকদের দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মীর
মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।