জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব বাহিনীকে কাজে লাগানো হবে। সেনাবাহিনী মোবাইল টিম হিসেবে কাজ করবে, বিজিবি, র্যাব, এবিপিএন এবং পুলিশও মাঠে থাকবে। পাশাপাশি আনসার বাহিনীর দায়িত্বও বাড়ানো হচ্ছে।
আগে যেখানে ১২ জন আনসার দায়িত্ব পালন করতেন, এখন প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন অতিরিক্ত আনসার মোতায়েন করা হবে। পুলিশ সদস্যরাও প্রতিটি কেন্দ্রে ২ থেকে ৩ জন করে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার হাজারের বেশি নতুন পুলিশ সদস্য প্রশিক্ষণ শেষ করেছেন। আরও একটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে এবং আরেকটি ব্যাচ দ্রুত প্রশিক্ষণে যাবে। নির্বাচনের আগে অন্যান্য বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে সব বাহিনীর জন্য নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন করা হবে। শুধু পুলিশ নয়, সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সব বাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
এ সময় থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, এ ব্যাপারে অভিযান চলছে এবং যার তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হবে তার পরিচয় গোপন রাখা হবে, পাশাপাশি পুরস্কৃত করা হবে।
সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনীকে একসঙ্গে মাঠে নামানোর প্রস্তুতি চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।