ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী জালাল আহমেদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলাম জালালকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে জালালের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে জালালের বিরুদ্ধে রুমমেট মো. রবিউল হককে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ এবং ২০১৮-১৯ সেশনের রবিউল হক একই কক্ষে থাকতেন। জালাল সিনিয়র হওয়ার সুবাদে প্রায়ই রবিউলকে হয়রানি করতেন।
ঘটনার দিন রাতে রুমে প্রবেশ করে জালাল শব্দ করতে থাকেন। রবিউল তাকে শব্দ বন্ধ করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে কাঠের চেয়ার দিয়ে আঘাতের চেষ্টা করেন। পরে পুরোনো টিউবলাইট দিয়ে রবিউলকে আঘাত করলে তার বুকে ও হাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার পর জালাল নিজেকে রুমে আটকে ফেলেন। এ সময় হলের অন্য শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। অবশেষে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে রুম থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা ভিপি প্রার্থীর এমন আচরণকে নিন্দা জানিয়ে শাস্তির দাবি তুলেছেন।