দীর্ঘ প্রায় ১৩ বছর পর বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসলামাবাদ এ সফরকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে পাকিস্তান দীর্ঘদিন ধরেই কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছে। তবে দুই দেশের মধ্যে ঐতিহাসিক টানাপোড়েনের কারণে উচ্চ পর্যায়ের সফর দীর্ঘদিন হয়নি। সর্বশেষ ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। তার পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর হতে যাচ্ছে।
কূটনৈতিক মহল মনে করছে, ইসহাক দারের এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। বিশেষত বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। অন্যদিকে, মানবাধিকার ও ইতিহাসভিত্তিক কিছু ইস্যু আলোচনায় আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এই সফরের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক কতটা অগ্রসর হবে, তা নির্ভর করবে বৈঠকের আলোচ্যসূচি এবং ফলাফলের ওপর। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ ১৩ বছর পর এ সফর নিঃসন্দেহে একটি ইতিবাচক কূটনৈতিক বার্তা দিচ্ছে।