জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুক ও সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রোপাগান্ডা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন বাংলাদেশ স্বাধীন দেশ।
আগে অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই মত প্রকাশ করতে পারছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো বাধা কাজ করবে না। জনগণই আমাদের মূল ফ্যাক্টর।”
অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন উপলক্ষে নয়, সারা সময়ই যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং নির্বাচনের আগে প্রায় সব অস্ত্রই উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। চিফ এডভাইজার যে তারিখ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।”
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণও অত্যন্ত সচেতন, যা নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।