আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন ডিসিদের নিয়োগ চূড়ান্ত করা হবে। এরই মধ্যে নতুন ফিটলিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ইতোমধ্যে সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ডিসি নিয়োগে কোনো রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হবে না। কেউ যদি তথ্য গোপন করে পদে আসীন হন এবং তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফিটলিস্ট তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ও ২৭তম ব্যাচের ২৬৯ জন উপসচিবের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্য থেকে অর্ধশতাধিক কর্মকর্তাকে তালিকাভুক্ত করা হয়েছে। একইসঙ্গে ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা চলছে।
এর আগে ২০২৩ সালে ১০৮ জন কর্মকর্তার ফিটলিস্ট থেকে ৬১ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হলে তা নিয়ে তীব্র বিতর্ক হয়। এমনকি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তাই এবারের নিয়োগে সরকার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের দুর্বলতা কাটিয়ে নির্বাচনের আগে একটি সৎ, দক্ষ ও পেশাজীবী আমলাতন্ত্র গড়ে তুলতে হবে। এজন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।
জনপ্রশাসনবিষয়ক কমিটি ডিসি নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনপ্রশাসন মন্ত্রণালয় আশা করছে, দ্রুতই নতুন ডিসিদের নিয়োগ দিয়ে প্রশাসনকে নির্বাচনের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।