বিসিএস প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম তার কর্মজীবনে সবচেয়ে বেশি আলোচনায় আসেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে। সিনিয়র সহকারী সচিব থাকাকালীন তিনি ভেজালবিরোধী অভিযান, বিভিন্ন শিল্প ও বাজারে অনিয়ম দমনে কঠোর পদক্ষেপ নিয়ে জনমানুষের আস্থা অর্জন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজধানীর বহু প্রভাবশালী ব্যবসায়ী, হাসপাতাল, রেস্টুরেন্ট ও ওষুধ কোম্পানি আইনের আওতায় আসে।
সারওয়ার আলমের তৎপরতায় ঢাকায় ভেজালবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায় এবং সাধারণ মানুষের মধ্যে ‘কঠোর ম্যাজিস্ট্রেট’ হিসেবে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এমনকি তখন সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ভেজাল ও দুর্নীতিবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হতো, যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তাকে সিলেটের মতো একটি কৌশলগত জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, যেখানে প্রশাসনের ভূমিকা সরাসরি রাজনীতি, বিনিয়োগ ও জননিরাপত্তার সঙ্গে যুক্ত। সারওয়ার আলমের মতো আলোচিত ও দৃঢ় ব্যক্তিত্বের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো সরকারের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।