আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ‘পরাজিত শক্তির’ ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, “পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ব্যর্থ অপচেষ্টা প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী চক্র গুজব ও সহিংসতা ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, সব দলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।”
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেই এখন দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
বৈঠকের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনডিএম-এর ববি হাজ্জাজ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও অনেকে।
প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।