বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণের অংশ হিসেবে পাকিস্তান ও চীনের যৌথভাবে নির্মিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় আগ্রহ দেখিয়েছে ঢাকা। তবে এই সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে দেশটির বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সে সময় জেএফ-১৭ যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করা হয় বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
জেএফ-১৭ হচ্ছে একটি মাল্টি-রোল ফাইটার জেট, যা সব ঋতুতে, দিন-রাতে সমানভাবে হামলা চালাতে সক্ষম। এটি প্রতিপক্ষের বিমানকে ধ্বংস করা, শত্রুর ঘাঁটির তথ্য আনা এবং ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম। যুদ্ধবিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি।
এদিকে, ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জেএফ-১৭ কিনতে পারে—এই আশঙ্কায় ভারত সক্রিয়ভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। দিল্লি মনে করছে, এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তন আনবে এবং কৌশলগতভাবে ভারতবিরোধী ব্লকের অংশ হতে পারে ঢাকা।
এই আলোচনা এমন সময় সামনে এলো, যখন সদ্য ঢাকায় একটি জনাকীর্ণ কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হন। ফ্লাইটটিতে ব্যবহৃত বিমানটি ছিল ১৯৮০-এর দশকে যুক্ত হওয়া চীনা নির্মিত মিগ-২১ সংস্করণ, যা বর্তমানে পুরনো হয়ে পড়েছে।
সরাসরি ক্ষয়ক্ষতির পাশাপাশি এই দুর্ঘটনা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জরুরি আধুনিকায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।