বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার খবরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (২০ জুলাই) দুপুরে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাহেবের শারীরিক খোঁজখবর নেন এবং চিকিৎসা সংক্রান্ত যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুতির কথা জানান। এই আন্তরিকতা ও মানবিক সহযোগিতার মনোভাবের জন্য আমির সাহেব তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।”
এমন একটি সময় এই খোঁজখবর নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো, যখন গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালে বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং দেশব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জানা যায়, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সেনাপ্রধানের এই সরাসরি খোঁজখবর নেওয়া এবং সহায়তা প্রদানের আশ্বাস রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানবিক সংহতি প্রকাশ পেয়েছে—যা কোনো রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একজন নাগরিকের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।
দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এই ঘটনা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সেনাবাহিনী প্রধান সরাসরি যোগাযোগ করে অসুস্থ রাজনৈতিক নেতার প্রতি সহানুভূতি জানানোর নজির সৃষ্টি করলেন।
জামায়াত আমিরের চিকিৎসা সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত