দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শুধু প্রযুক্তি কিংবা দক্ষতা নয়, প্রয়োজন মানবিকতা ও শৃঙ্খলার সংমিশ্রণ—এমনই বার্তা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেনারেল ওয়াকার বলেন, “শুধু ভালো ইঞ্জিনিয়ার হওয়া যথেষ্ট নয়, ভালো মানুষ হওয়া জরুরি। কারণ মানবিক মূল্যবোধ ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। শৃঙ্খলা বজায় রেখে ও নৈতিকতা মেনে চললে ব্যক্তিও উপকৃত হয়, দেশও উপকৃত হয়।”
তিনি আরও বলেন, “প্রযুক্তির এই দ্রুত বিকাশমান যুগে প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। তবে প্রযুক্তি ব্যবহারের নৈতিক দিকগুলোকেও গুরুত্ব দিতে হবে।”
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, তাপ প্রকৌশল, উৎপাদন কৌশল ও মহাকাশ গবেষণাসহ আধুনিক প্রকৌশলবিদ্যার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করেন সেনাপ্রধান।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তির বিনিময়ের এই আয়োজন তরুণ প্রকৌশলীদের উৎসাহিত করবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সেনাপ্রধানের বার্তায় ছিল একটি গভীর শিক্ষা—উন্নত দেশ গড়তে চাইলে আগে মানুষ হতে হবে, তবেই সম্ভব সত্যিকারের অগ্রগতি।