চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এখন থেকেই চিরুনি অভিযানে নামছে সরকার। রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে নিতে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে তিনি বলেন,
“খুন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সব অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে এবং পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানও শুরু হবে এখন থেকেই।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“অপরাধী যেই হোক, তার দলীয় পরিচয় দেখবে না সরকার। কেউ ছাড় পাবে না।”
সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে চাঁদা না পেয়ে প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে উপদেষ্টা বলেন,
“এ ধরনের অপরাধ সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এমন অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। ইতোমধ্যে ১৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও নাম এলে তারাও গ্রেফতার হবে।”
তিনি আরও জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। সরকার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে।
সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করে উপদেষ্টা বলেন,
“এই অভিযানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”