জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে আজ ১ জুলাই। ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে জানানো হয়েছে, জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে মোট দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে ঠিক কী ঘটেছিল। মাসজুড়ে প্রতিদিন একটি করে পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
আয়োজকরা জানান, আজকের এই প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দীর্ঘ এক স্মৃতি-যাত্রা, যা এক মাস ধরে চলবে শহীদদের স্মরণ, প্রতিরোধের ইতিহাস বর্ণনা এবং গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে।
আজকের দিনটিকে কেন্দ্র করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া আজ থেকে শুরু হয়েছে জুলাই ক্যালেন্ডার বিতরণ এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচি। এই কর্মসূচি ১ আগস্ট পর্যন্ত চলবে।
আগামী ৫ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে আরও নানা অনুষ্ঠান হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এর মধ্যে ৫ জুলাই, ৭ জুলাই ও ১৪ জুলাই আলাদা অনুষ্ঠান রয়েছে। ৫ আগস্ট পর্যন্ত চলা অনুষ্ঠানমালার শেষ পর্বে থাকবে ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন ও ড্রোন শো।
আয়োজকেরা বলছেন, এই মাসব্যাপী আয়োজন শুধু স্মরণ নয়, বরং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধের শপথ।