সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৯ জুন) নিজের ফেসবুক পোস্টে এবং ঢাকার একটি অনুষ্ঠানে এ বিষয়টি তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।”
এর আগে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিভিন্ন উন্নত দেশের মতো ৫ আগস্টের পরে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের।”
তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং কীভাবে শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”
আসিফ মাহমুদ বলেন, “যেসব দপ্তরে স্থায়ী ফুল টাইম জনবল প্রয়োজন হয় না, সেখানে শিক্ষার্থীদের পার্টটাইম নিয়োগ দিলে একদিকে সরকারের খরচ কমবে, অন্যদিকে শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের সুযোগ পাবে। এতে তারা আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারবে এবং বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে।”
বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারি সেবাদান ব্যবস্থাতেও স্বচ্ছতা ও গতিশীলতা আসতে পারে।
সরকারি পর্যায়ে এই ধরনের উদ্যোগের ফলে তরুণ সমাজের বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।