বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশের মানুষ ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে আয়োজিত কমনওয়েলথ চার্টারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “১৬ বছরের স্বৈরশাসনে জনগণ বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার ও বাক্স্বাধীনতা হরণের শিকার হয়েছে। সেই সময় কোনো সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়নি। একটি প্রজন্ম সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা ছাড়া বড় হয়েছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক আঘাত।”
আসিফ মাহমুদ আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য দেশের তরুণেরা জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন। তারা স্বৈরাচারী কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করেছেন। এই সাহস ও ত্যাগই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ১২১টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, আসন্ন জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন থাকবে এবং এটি দেশের সুষ্ঠু গণতন্ত্র ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার তরুণদের অংশীদার করে সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করছে। এই ওয়ার্কশপ তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”