জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) — এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি বলেন, ইসি নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “আমাদের দায়িত্ব একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। কেউ যেন কোনো দলের পক্ষে কাজ না করে, সেই বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”
তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত বেশ কিছু কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো সম্মিলিতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। “রমজানের সময় আপনারা শপথ করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করার। আজ সেই শপথ আবার মনে করিয়ে দিচ্ছি—কোনো দলের অনুগত না হয়ে আইন অনুযায়ী ও ন্যায়ের পথে থেকে কাজ করুন,” বলেন সিইসি।
সিইসি দাবি করেন, সরকার আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে লন্ডন ও জাপানে, ঘোষণা দিয়েছে—বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘোষণার পেছনে নির্বাচন কমিশনের ওপর আস্থাই মূল কারণ বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও, রাজনৈতিক দলগুলোর চাপ ও সাম্প্রতিক লন্ডন বৈঠকের পর নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্ত সামনে এসেছে।