পবিত্র ঈদুল আজহার দিনে জাতীয় দায়িত্ব ও সৌহার্দ্যের এক ঐকতান রচিত হয়েছে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ঈদের নামাজ শেষে সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তাঁর স্ত্রী।
রাষ্ট্রীয় এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, সেনাপ্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও শুভকামনার এক হৃদ্যতাপূর্ণ মুহূর্ত।
একই দিনে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেনা ও নৌবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার এই উপস্থিতি শুধু প্রোটোকলের অংশ নয়, বরং তা ছিল একটি স্পষ্ট বার্তা—রাষ্ট্রীয় ভারসাম্য, শৃঙ্খলা ও সংবেদনশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার পাশে আছে।
ঈদের এই দিনে যখন সারা দেশে উৎসব, ত্যাগ আর পারস্পরিক সহানুভূতির আবহ ছড়িয়ে পড়েছে, তখন শীর্ষ পর্যায়ের এই সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলো—ঈদের শুভক্ষণেও রাষ্ট্র পরিচালনায় রয়েছে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতা।