রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ঈদের জামাতে তিনি রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন,
“সবাইকে ঈদ মোবারক। দেশের মঙ্গল ও শান্তির জন্য দোয়া করবেন।” মোনাজাতে তিনি দেশের সংকট নিরসন ও একটি গ্রহণযোগ্য ভবিষ্যতের প্রত্যাশাও ব্যক্ত করেন।
ঈদের এই প্রধান জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের রাষ্ট্রদূতরা। ঈদের জামাত শেষে বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের নামাজ শেষে যখন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ময়দান ত্যাগ করেন, তখন সাধারণ মুসল্লিদের মধ্য থেকে একাধিক কণ্ঠে ভেসে আসে অনুরোধ—
“স্যার আপনাকে পাঁচ বছর চাই”, “দালালদের কথা শুনবেন না স্যার”, “আপনার নেতৃত্বেই দেশ বাঁচবে”। এসব স্লোগান মুহূর্তেই জনতার আবেগে রূপ নেয়।
প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটারের এই ঈদগাহ প্রাঙ্গণে এবার ৩৫ হাজার মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা করা হয়। নারী মুসল্লিদের জন্য ছিল পৃথক জায়গা, আর শিশুদের মুখেও ছিল উৎসবের উচ্ছ্বাস। পুরো ঈদগাহ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঈদের নামাজে অংশগ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুধু রাষ্ট্রীয় দায়িত্বই পালন করেননি, বরং সরাসরি জনতার মাঝে দাঁড়িয়ে একতা, শান্তি ও গণতান্ত্রিক প্রত্যয়ের এক প্রতীকী বার্তা দিয়েছেন।