মানিকগঞ্জে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)। গত বুধবার সকালে সদর থানা পুলিশ তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে।
মামলার অভিযোগে জানা যায়, মেহেরাব হোসাইন মানিকগঞ্জে একটি আলোচিত মামলায় প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের পর মামলা প্রত্যাহারের শর্তে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
চাঁদা না পেয়ে ‘মানিকগঞ্জ নিউজ’ নামের একটি ফেক ফেসবুক পেজ থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়া হয়।
এ ঘটনায় পৌর এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বির সদর থানায় মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ছাড়াও আরও ৬ জনকে আসামি করা হয়েছে, যারা বিভিন্ন ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে অভিযুক্ত।
সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাইবার অপরাধের তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে।