সরকারি বিভিন্ন সংস্থায় বিদ্যমান শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন, পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ শুরু করা সম্ভব সে-সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি সংস্থাগুলোতে শূন্যপদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, যা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে এবং সরকারি সেবাগুলোকে জনবান্ধব করতে শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া জরুরি।
বর্তমানে সরকারি বিভিন্ন দফতর, সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লক্ষাধিক পদ শূন্য রয়েছে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নিয়োগ না হওয়ায় সেবাদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সরকারি চাকরিপ্রত্যাশীরাও দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।
সরকারি পর্যবেক্ষণ অনুসারে, কয়েকটি মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের বিভিন্ন দপ্তরে চরম জনবল সংকট বিরাজ করছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হলে সরকারি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। চাকরিপ্রত্যাশীরাও উপকৃত হবেন। প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত সরকারি প্রশাসনের স্থবিরতা কাটাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।