গত দুই দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না। স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। মেডিক্যাল বোর্ড এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়ার ফিটনেস (শারীরিক সক্ষমতা) বাড়ানোর চেষ্টা চলছে।
মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রী’সহ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই বলবো, সন্তান হিসেবে ওনার জন্য দোয়া চাই।
এদিকে, রাতের মধ্যেই খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। বোর্ডে তারেক রহমান ও জোবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। গত বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তার এই অবস্থার উন্নতির চেষ্টা করছেন।
এমন তথ্য জানিয়ে মেডিক্যাল বোর্ডের একজন সদস্য শুক্রবার বলেছেন, ‘ম্যাডাম সাত বছর পর লন্ডনে এসেছেন। এই হাসপাতালে এর আগে চিকিৎসা নেননি। দেশে অনেক ধকলের মধ্যে ছিলেন। এই অবস্থায় নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে। লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে।’