বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক দল কী করছে। গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদ রক্ত দিয়েছে, আমরা ক্রেডিট নেয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কতটা এগিয়ে গেলাম, সেই হিসাবনিকাশ এখন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ সোহেল।
সংবর্ধনা শেষে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোনো হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণআন্দোলনের শহিদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে, এটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না।
অনুষ্ঠানে আরো অংশ নেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।