চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি পারিবারিক ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুরে তিনি রওনা হয়ে পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন এবং পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় তিনি পাবনা প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তৃতীয় দিনে তিনি সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং পরে শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ দিনে পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে ঢাকা ফিরে যাবেন রাষ্ট্রপতি।
জুলাই অভ্যুত্থানের পর নিজ জেলায় এটি রাষ্ট্রপতির দ্বিতীয় সফর। এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।