রেশনিং প্রত্যাহারের পর তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। ঈদের ছুটির মধ্যেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি কমেনি।
সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, অনেক পাম্পই বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা সেগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
রাজধানীর বিজয় সরণির একটি পাম্পে যানবাহনের লাইন মহাখালী পর্যন্ত পৌঁছে গেছে। একই চিত্র দেখা গেছে বাড্ডা এলাকায়ও। বাড্ডা লিংক রোডের সিটিজেন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ এবং সেখানে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে।
অন্যদিকে উত্তর বাড্ডার মক্কা পেট্রোল পাম্পে তেল সরবরাহ চললেও পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। উত্তর বাড্ডা থেকে শুরু হওয়া এই লাইন গিয়ে শেষ হয়েছে বাড্ডা লিংক রোডে। লাইনে অপেক্ষমাণ এক ভুক্তভোগী মুস্তাফিজ জানান, “দেড় ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। সামনে এখনও ১২৬ নম্বরে আছি। কখন তেল পাবো, আদৌ পাবো কিনা—সেটাও নিশ্চিত না।”
এর মধ্যে রোববার (২২ মার্চ) বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, সংকট চলতে থাকলে যে কোনো সময় সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় রাজধানীতে তেল নিতে মানুষের চাপ আরও বেড়েছে।
ব্যবহারকারীরা বলছেন, রেশনিং তুলে নেওয়ার পরও যদি এমন পরিস্থিতি থাকে, তাহলে সামনে ভোগান্তি আরও বাড়তে পারে।