কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকালে সিঙ্গাপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে তিনি অঝোরে কেঁদে ফেলেন।
তাদের কথোপকথনের একটি ভিডিও এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফোনালাপে কান্নাজড়িত কণ্ঠে মনিরুল হক বলেন, এ ধরনের দুর্ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরেই একই সমস্যা বিদ্যমান থাকলেও কার্যকর সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে রেলক্রসিং উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়নি। তিনি রেলমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অপর প্রান্ত থেকে রেলমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব অংশ নেয় এবং কয়েক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।