পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য আজ সোমবার (৯ মার্চ) থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
ঈদযাত্রা উপলক্ষে গত ৩ মার্চ থেকে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। ওই দিন বিক্রি করা হয় ১৩ মার্চের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের টিকিট।
এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বছরের মতো এবারও ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিক্রি প্রক্রিয়াটি দুই অঞ্চলে ভাগ করে পরিচালিত হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেলওয়ে। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিটও ধাপে ধাপে বিক্রি করা হবে। ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।