দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের কাছ থেকেও তিনি পরামর্শ আহ্বান করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ নির্বিঘ্নে রোজা ও ঈদ উদযাপন করতে পারে। জনগণের মনে শান্তি ও আস্থা বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নিজেকে তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং সহকর্মী হিসেবে দেখতে চান। সবার সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমেই ফরিদপুরকে এগিয়ে নেওয়া সম্ভব। কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগের আহ্বানও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর গঠিত এ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই।
মাদক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, শুধু আলোচনা করে সমাধান হবে না; প্রয়োজন কৌশলগত সিদ্ধান্ত। যারা মাদকাসক্ত, তারা অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বল্পমেয়াদে কার্যকর পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদে সামাজিক সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে।
সভায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।