বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার পারমেলিনের শুভেচ্ছাবার্তা–সংবলিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ের এই দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব ও কর্তব্য গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আরও লিখেছেন, আপনার এই নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্ব দেশের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পারমেলিন বলেছেন, আমি আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার সম্ভাবনার দিকে আগ্রহভরে চেয়ে আছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করছি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।