পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম–জালিয়াতির অভিযোগে গঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। রাজধানীর বিশেষ জজ আদালত–৪-এর বিচারক মো. রবিউল আলম দুপুরে এ মামলার রায় ঘোষণা করবেন। মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জন।
দুদকের পক্ষ থেকে এ বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘অনিয়ম ও প্রভাব খাটিয়ে’ ১০ কাঠা প্লট বরাদ্দ গ্রহণ করেন শেখ রেহানা। তদন্তে প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জালিয়াতি, নিয়মবহির্ভূত অনুমোদন এবং ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধেও ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
মামলায় ১৭ জন আসামির মধ্যে একমাত্র রাজউক কর্মচারী খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন; বাকি ১৬ জনই পলাতক। আদালত রায় ঘোষণার দিন আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ এই মামলার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে দুদকের তিনটি পৃথক মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। আজকের রায় পূর্বাচল প্রকল্পে ঘুষ–দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগের বিচারিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।