মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় আজ ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বহুল আলোচিত এই রায় শোনার জন্য সকাল থেকেই ট্রাইব্যুনালে ভিড় করছেন জুলাই আন্দোলনের নেতাকর্মী ও নিহতদের পরিবারের সদস্যরা। এদের মধ্যে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের একজন ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও আদালত প্রাঙ্গণে দেখা গেছে।
গত বছরের জুলাই–আগস্টে পুলিশের দমন-পীড়নে নিহতদের পরিবারের সদস্যরাও আজ আদালতে উপস্থিত হয়েছেন। রাজবাড়ি থেকে এসে মতিউর রহমান সাংবাদিকদের বলেন,
“শেখ হাসিনা আমার বুকের মানিকসহ হাজারো মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। হাজারো মানুষ পঙ্গু হয়েছে। গণহত্যার দায়ে শতবার ফাঁসি হলেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না।”
সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সাংবাদিকদের জানান, রায় পাঠের সময় অন্তত ১৫টি শহীদ পরিবারের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি আন্দোলনে সক্রিয় থাকা আরও কয়েকজন ছাত্রনেতাকেও আদালতে আসতে দেখা গেছে।