জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার এ দিন ধার্য করেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটররা।
শেখ হাসিনা ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, আর চৌধুরী মামুন কারাগারে আছেন।
এর আগে ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজকের দিনটিকে রায়ের তারিখ জানানোর জন্য ধার্য করেছিল। সেদিন ট্রাইব্যুনাল জানিয়েছিল, রায় ঘোষণার তারিখ খুব অল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হবে।
এদিকে, শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।