দেশবিরোধী প্রচারণা ও ষড়যন্ত্রে অর্থযোগান, পরামর্শ এবং নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের করা গুলশান থানার মামলায় ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, সেলিম প্রধান নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য এবং তিনি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অর্থযোগান দিচ্ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী সংগঠনের সদস্যদের অর্থ সহায়তা ও নির্দেশনা দিতেন।
আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের যুক্তি শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ অক্টোবর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি দেশবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ক্যাসিনো কাণ্ডে আলোচনায় আসেন সেলিম প্রধান। তিনি রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামের একটি রেস্তোরাঁ থেকে ৫ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হন। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যেখানে তিনি পরবর্তীতে জামিন পান।