চট্টগ্রামে জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনকালে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আনা হয়। আদালত কক্ষের নিরাপত্তা জোরদার করা হয় এবং বিচারকের উপস্থিতিতে তাকে অভিযুক্ত হিসেবে হাজির করা হয়।
উল্লেখ্য, সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তখন তিনি চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। আজকের হাজিরা ছিল সেই মামলাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধের মামলার অংশ।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই ও আগস্টে চট্টগ্রামে চলমান বৈষম্যবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলাকালে পুলিশের নেতৃত্বে ব্যাপক দমন–পীড়ন চালানো হয়। সেই সময় মুরাদপুর এলাকায় ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্রনেতা ফয়সাল আহমেদ শান্ত এবং স্থানীয় যুবক ফারুক হোসেনকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া, জুলাই আন্দোলনের সময় নিরীহ ছাত্র–জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দায়ের, নির্বিচারে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মামলার তদন্ত সংস্থা জানায়, ঘটনাগুলোর সঙ্গে সাইফুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানের প্রমাণ পাওয়া গেছে। আদালত পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।