বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করার অভিযোগে জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, মন্ত্রী টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সম্পৃক্ত।
গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে ‘নাস্তিক’ বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, যা তার সামাজিক ও ধর্মীয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
বাদীপক্ষ দাবি করেছে, এই মন্তব্যের ফলে মন্ত্রীর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলার আবেদন গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপি নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল রাজনীতিকের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।