রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে আটকে রাখে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তারা তাকে আটক করেন। এ সময় ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত আলোচনার জন্ম দেয়।
শিক্ষার্থীরা জানান, তাকে আটকের পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয় বলে জানান।
এ বিষয়ে শাহ আলী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।