মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৬ মার্চ) বিচারপতি ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
তবে এই জামিন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সালাউদ্দিন সুমন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।
এবি তাজুল ইসলাম দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পর তার জামিন আদেশ বহাল থাকবে কি না, সে বিষয়ে পরবর্তী আইনি সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।