আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বয়ান প্রদান করবেন।
বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলটি ৩ জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে। মাহফিলের প্রথম দিন (বুধবার) আলোচনা করেন আল্লামা মামুনুল হক এবং আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হাজমা।
আজ, মাহফিলের শেষ দিনে (শুক্রবার) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্য রাখবেন, এবং বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।
আয়োজক কমিটির সদস্য ও আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক জানান, তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার) থাকবো যশোরের পুলেরহাটে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
জানা গেছে, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্কিন ও ২ লাখ লাইটের ব্যবস্থা।