আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে রক্ষা পেতে এক বিশেষ দোয়া শিখিয়েছেন, যা প্রতিটি মুমিনের জীবনে প্রশান্তি ও আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থাকে বৃদ্ধি করতে সাহায্য করে। পার্থিব জীবনে আমরা অনেক পরিকল্পনা করি, কিন্তু সব সময় তা সফল হয় না। অনেক সময় কাজের শুরুতে প্রশংসা পাওয়া যায়, কিন্তু শেষে এসে অপমান হতে হয়। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এই দোয়াটি অত্যন্ত কার্যকর।
দোয়াটি হলো: আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আজিবিল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের সব কাজের সুন্দর পরিণতি দান করুন এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে রক্ষা করুন।
দোয়াটি আমাদের জীবনে কীভাবে কাজ করে?
শান্তি দান করে: যখন আমরা দোয়াটি পড়ি, তখন আমাদের মন শান্তি লাভ করে। আমরা বুঝতে পারি যে, সব কিছুর পরিচালক আল্লাহ তায়ালা। তিনিই সব কিছুর শেষ পরিণতি নির্ধারণ করেন।
আস্থা বৃদ্ধি করে: দোয়াটি আমাদের আল্লাহ তায়ালার প্রতি আস্থা আরো দৃঢ় করে। আমরা বিশ্বাস করি যে, আল্লাহ তায়ালা আমাদের জন্য সবচেয়ে ভালোটি চান।
ভবিষ্যতের প্রতি আশাবাদী করে: দোয়াটি আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে। আমরা বিশ্বাস করি যে, আল্লাহ তা’আলা আমাদের সকল কাজের সুন্দর পরিণতি দান করবেন।
কখন এই দোয়াটি পড়বেন?
আপনি যেকোনো সময় এই দোয়াটি পড়তে পারেন। বিশেষ করে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন, তখন এই দোয়াটি পড়া খুবই উত্তম।