পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর পথ সুগম হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–কে অনুমতি দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। এর ফলে দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তান–এর মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ ফের শুরু হতে যাচ্ছে।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশি জাতীয় এয়ারলাইন্সকে দেওয়া এই অনুমোদন প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় এই অনুমোদন পুনর্বিবেচনা করা হতে পারে। অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সূত্র জানায়, নির্ধারিত রুট ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে বিমানকে। প্রতিটি ফ্লাইটের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট–সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সম্মতি নিশ্চিত করতে হবে।
সূত্র মতে, জানুয়ারি মাসের শেষের দিকেই ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে দুই দেশের যাত্রীরা দুবাই বা দোহা হয়ে যাতায়াত করতে বাধ্য হলেও সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?