সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির-কে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে। রোববার রাজধানী রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান জেনারেল মুনিরের হাতে এই সম্মাননা তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ-এর নির্দেশে পাকিস্তানের সেনাপ্রধানকে এই রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই জেনারেল আসিম মুনিরকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
পদক প্রদান অনুষ্ঠানের পাশাপাশি যুবরাজ খালিদ বিন সালমান ও জেনারেল আসিম মুনিরের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরব ও পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামো জোরদারে দুই দেশের সামরিক ও কৌশলগত সমন্বয় দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধানকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন। এই সম্মান ভবিষ্যতে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?