আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তে আমাদের পক্ষ থেকে সংঘাত থামানো হয়েছে।’
আফগান মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।’
এ সময় পাকিস্তানকে হুমকি দিয়ে মুত্তাকি বলেন, ‘যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও আছে।’
প্রসঙ্গত, শুক্রবার-শনিবার ভোরে সীমান্তে তীব্র সংঘর্ষের ঘটনার পর দুইপক্ষই হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। পাকিস্তান দাবি করছে, তাদের হামলায় আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা ২০০’র বেশি নিহত হয়েছেন। এছাড়া নিজেদের ২৩ জন সৈন্য মারা গেছেন বলে স্বীকার করেছেন দেশটি।
অন্যদিকে আফগান সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কিছু ভিন্ন সংখ্যা দাবি করেন, তাদের আঘাতে ৫৮ পাক জওয়ান নিহত হয়েছে এবং তাদের নিজদেশের নয়জন নিহত হয়েছে। সকালে পাকিস্তানি সামরিক মিডিয়া উইংও জানিয়েছে, রাতের সংঘর্ষে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?