চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, অনিচ্ছাকৃতভাবে কাতারি নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারি নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে আর কোনো হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফোনকলের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি কাতারের সার্বভৌমত্বকে সম্মান জানাতে অঙ্গীকার করেছেন। এ সময় কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং ফোনালাপকে কাতার-ইসরায়েল উত্তেজনা প্রশমনের জন্য মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করে, এটি ছিল হামাস নেতাদের লক্ষ্য করে চালানো সামরিক অভিযান, যা গাজা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত। তবে সেই হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা অক্ষত থাকেন। অন্যদিকে প্রাণ হারান কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারি, যাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে কাতার সরকার।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?