ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ কাশ্মীর সীমান্তে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। ভারতীয় পক্ষের দাবি, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতের দিকে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর। ভারতীয় সেনাদের দাবি, তারা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেয়।
এ সময় তীব্র গোলাগুলিতে ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্বরত হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ভারতীয় সেনা সূত্র জানায়, পাকিস্তানি বাহিনী অন্ধকারের মধ্যে টিক্কা পোস্টের কাছে বিএটি হামলার চেষ্টা করেছিল। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি চলে। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান।
এই ঘটনা ঘটল এমন সময়ে যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে এক অভিযান চালাচ্ছে। ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে।
অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং নিহত হন এবং পাঁচজন সন্দেহভাজনকে হত্যা করা হয়।
ভারতীয় সেনারা দাবি করছে, অপারেশন আখাল মূলত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং সীমান্তে পাকিস্তানি বাহিনীর এসব হামলা তাদের অভিযানকে বাধাগ্রস্ত করার চেষ্টা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?