পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার দুই পুত্র কাসিম ও সুলেমান পাকিস্তানে এসে শুধুমাত্র তার সঙ্গে দেখা করবেন। রাজনীতি বা কোনো ধরনের আন্দোলনে তারা অংশ নেবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
শনিবার (২ আগস্ট) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, “আমি আমার ছেলেদের সঙ্গে দেড় ঘণ্টা ফোনে কথা বলেছি। তারা পাকিস্তানে আসবে শুধু আমাকে দেখতে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না।” দীর্ঘ সময় পর সন্তানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হন পিটিআই প্রধান।
ইমরানের দুই পুত্র কাসিম ও সুলেমান যুক্তরাজ্যে তাদের মা জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে বসবাস করছেন। জেমিমা ব্রিটিশ লেখিকা ও সাংবাদিক, যিনি ইমরানের সঙ্গে ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ২০০৪ সালে বিচ্ছেদে যান।
এদিকে পিটিআইয়ের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সেনাবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দলটির ১০৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ৫৮ জনকে ১০ বছর করে, বাকিদের এক থেকে তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে পিটিআই’র সিনিয়র নেতা ওমর আয়ুব খান ও শিবলি ফারাজও রয়েছেন। আদালতের ভাষ্য অনুযায়ী, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
এই রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে পিটিআই। এক্স (সাবেক টুইটার) পোস্টে তারা লিখেছে, “এই রায় পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক। শুধু ইমরানের রাজনৈতিক অবস্থানে বিশ্বাস করাই ছিল অপরাধ।”
দলটি আদালতের রায় চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতিতে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?