পাকিস্তান কখনো সন্ত্রাসবাদের কাছে মাথানত করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ইসলামাবাদে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সম্মেলনে (বুধবার ২ জুলাই) তিনি বলেন, আত্মসমর্পণ পাকিস্তানের অভিধানে নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে বৈশ্বিক দায়িত্ব আখ্যা দিয়ে বিলাওয়াল বলেন, আগামী প্রজন্মের নিরাপত্তা রক্ষায় এই অশুভ শক্তিকে পরাজিত করা হবে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণের ত্যাগ-তিতিক্ষা তুলে ধরে তিনি বলেন, বিশ্বকে পাকিস্তান থেকে শিক্ষা নিতে হবে, কারণ সন্ত্রাস মোকাবিলায় তারা সর্বোচ্চ মূল্য দিয়েছে—৯২ হাজারের বেশি প্রাণ হারানো ও বিপুল অর্থনৈতিক ক্ষতি এর প্রমাণ।
আফগানিস্তানকে ইঙ্গিত করে তিনি স্পষ্ট করেন, সে দেশের মাটি যেন কখনো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয় এবং দোহা চুক্তির প্রতিশ্রুতি মানার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি তার মা বেনজির ভুট্টোর শেষ ভাষণের কথাও স্মরণ করেন, যেখানে তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। আফগান জনগণের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।
ভারতের উদ্দেশে বিলাওয়াল বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসের শিকার। কাজেই দুই দেশের মধ্যে সব বিরোধ আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ও দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি আরও বলেন, পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকা থেকে বের হয়ে আন্তর্জাতিক দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছে এবং সন্ত্রাসবাদ দমনে এখন অগ্রণী ভূমিকা পালন করছে। সমসাময়িক ডিজিটাল প্রপাগান্ডার হুমকিও তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসবাদের রূপ এখন আরও জটিল ও প্রযুক্তিনির্ভর। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিলাওয়াল বলেন, কাশ্মীর থেকে ফিলিস্তিন পর্যন্ত সব ক্ষেত্রে ন্যায্য সমাধান ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?